ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সালথা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন র্যালি বের করা হয়। র্যালিতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সালথা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকদের অধিকার সংরক্ষণ, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ৩১ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ন্যায় ও ইনসাফভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, সরকারি-বেসরকারি খাতে মজুরি বৈষম্য হ্রাস, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিতকরণ এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ।
এছাড়া বন্ধ হয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠান দ্রুত চালু করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পায়নের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়। একই সঙ্গে সার, বীজ ও কীটনাশকের মূল্য কমানো এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচির শেষ পর্বে সংগঠনের সভাপতির বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, ভাওয়াল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন, সোনাপুর ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, উপজেলা জামায়াত নেতা আলী আকবরসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরা।