বুধবার, ২৭ মে ২০২৬
রংপুর জেলা ও সিটি প্রশাসকের উপস্থিতিতে মে দিবসের চেতনা ও শ্রমিক নিরাপত্তা বিষয়ক আলোচনা

রংপুর জেলা ও সিটি প্রশাসকের উপস্থিতিতে মে দিবসের চেতনা ও শ্রমিক নিরাপত্তা বিষয়ক আলোচনা

যিশাই মুরমু হীরা

রংপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুরের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি'র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এবং রংপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, মেহনতি মানুষের রক্তঝরা সংগ্রামের মাধ্যমেই আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত নিরাপত্তা বজায় রাখা শিল্প উন্নয়নের প্রধান শর্ত।

​সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান রানা, ফজলুর রহমান বাদল, লিটন পারভেজসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা কলকারখানা ও প্রতিষ্ঠানে বৈষম্যহীন পরিবেশ এবং শ্রমিকদের নায্য অধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন