মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
শতাব্দীর সেরা নেয়ামত ও খুশির দিন পবিত্র ঈদুল ফিতর। কিন্তু উৎসবের এই আমেজ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর দারিদ্র্যের কষাঘাতে ফিকে হয়ে আসে। ঠিক তখনই মানবতার আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম "ঈশ্বরগঞ্জ পরিবার" ফেসবুক গ্রুপ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈশ্বরগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের শতাধিক অসহায়, দুস্থ ও নিভৃতচারী পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রতিটি পরিবারের রান্নায় ঈদের আমেজ নিয়ে আসতে উপহারের ঝুড়িতে ছিল একগুচ্ছ প্রয়োজনীয় সামগ্রী। মিষ্টিমুখের জন্য সেমাই, চিনি ও দুধ, পোলাও চাল, ডাল, তেল ও লবণ এবং পেঁয়াজ, আলু ও বেগুন। সেই সাথে পরিচ্ছন্নতার জন্য দেওয়া হয়েছে সাবান।
গ্রুপের একঝাঁক উদ্যমী তরুণের নিরলস পরিশ্রমে এই উপহারগুলো শুধুমাত্র পৌর এলাকার সীমাবদ্ধ থাকেনি। হাড়কাঁপানো রোদ আর দূরত্বকে উপেক্ষা করে তারা ছুটে গিয়েছেন বিভিন্ন ইউনিয়নের দুস্থদের দ্বারে দ্বারে। তাদের এই সুশৃঙ্খল ও আন্তরিক প্রচেষ্টা স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উপহার হাতে পেয়ে পৌরসভার এক অসহায় বৃদ্ধা আবেগে আপ্লুত হয়ে বলেন, "বাবা, এই আকালে কেউ কি আর কারোর খবর লয়? আল্লাহ তোমগরে বাঁচায়া রাখুক। নাতি-পুতি নিয়া অন্তত ঈদের দিনটা একটু ভালো খাইতাম পারবাম।" ইউনিয়ন পর্যায়ের এক সুবিধাভোগী জানান, অভাবের কারণে এবারের ঈদটা কেবল দীর্ঘশ্বাসের ছিল, কিন্তু "ঈশ্বরগঞ্জ পরিবার"-এর এই উপহার তাদের মনে নতুন করে ঈদের আনন্দ জাগিয়ে তুলেছে।
"ঈশ্বরগঞ্জ পরিবার" ফেসবুক গ্রুপের অ্যাডমিন রাজিব আলামিন জানান, "আমরা কেবল উছিলা মাত্র। যারা নিজেদের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এই ফান্ডে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের দেওয়া প্রতিটি টাকা আজ শতাধিক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। মহান আল্লাহ যেন আপনাদের এই দান কবুল করেন এবং উত্তরোত্তর বরকত দান করেন।"
কোনো রাজনৈতিক ব্যানার বা ব্যক্তিগত প্রচার নয়, কেবল মাটির টানে আর মানবতার টানে "ঈশ্বরগঞ্জ পরিবার" যেভাবে একতাবদ্ধ হয়ে মানুষের সেবায় কাজ করছে, তা ঈশ্বরগঞ্জের সামাজিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই মায়ার বন্ধন ছড়িয়ে পড়ুক প্রতিটি কোণে।