শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বৈশাখের দাবদাহেও থামেনি ফুলের বাহার, রঙে-সুবাসে মাতোয়ারা ইবি ক্যাম্পাস

বৈশাখের দাবদাহেও থামেনি ফুলের বাহার, রঙে-সুবাসে মাতোয়ারা ইবি ক্যাম্পাস

মো. মিনহাজুর রহমান মাহিম

বসন্ত বিদায় নিয়েছে, কিন্তু যাওয়ার আগে সে রেখে গেছে তার সমস্ত রঙ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস এখন ফুলে ফুলে রঙিন।

১৭৫ একরের এই সবুজ লীলাভূমিতে জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ আর কাঞ্চনের মোহনীয় উপস্থিতি তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য।

সোমবার (২৭ এপ্রিল) সরেজমিন ঘুরে দেখা যায়, সাদ্দাম হল সংলগ্ন এলাকায় বেগুনি জারুল ফুলে ছেয়ে গেছে গাছের প্রতিটি শাখা। ছয়টি মুক্ত পাপড়িতে গড়া মায়াবী এই ফুল আলোর সঙ্গে মিলে তৈরি করছে এক স্বপ্নময় আবহ। ডায়না চত্বরে দীর্ঘ মঞ্জুরিতে ঝুলছে থোকা থোকা সোনালু ফুল, যেন কোনো শিল্পী সযত্নে গেঁথে রেখেছেন সোনার গহনা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে আগুনরাঙা কৃষ্ণচূড়া দূর থেকেও দৃষ্টি টানছে। শহীদ আনাস হলের সামনে ফুটে আছে থোকা থোকা সাদা কাঞ্চন ফুল, স্নিগ্ধ সাদা পাপড়ির সেই নিখাদ সৌন্দর্য যেন বৈশাখের দাবদাহে এক টুকরো শীতলতা ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলের সামনে কাঠগোলাপের সাদা-হলুদ ফুল এক নিবিড় প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে।

বাহারি ফুলে মেতেছেন শিক্ষার্থীরাও। কেউ ফুলের সামনে ছবি তুলছেন, কেউ সুবাস নিচ্ছেন মনভরে, কেউবা ক্লাসের ফাঁকে বসে আছেন ফুল-ছায়া ঘেরা পথের পাশে।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসরিন সুলতানা বলেন, “বৈশাখের গরমে যখন মন হাঁপিয়ে ওঠে, তখন ক্যাম্পাসের এই ফুলগুলোই সবচেয়ে বড় স্বস্তি। কৃষ্ণচূড়ার লাল আর জারুলের বেগুনি, এই দুটো রঙ একসঙ্গে দেখলে মনে হয় পুরো পৃথিবীটা রঙিন।'”

আরেক শিক্ষার্থী সাইফুল বলেন, “ডায়না চত্বরের সোনালু ফুল দেখলে ক্লান্তি কোথায় যে চলে যায় টেরই পাই না। পরীক্ষার চাপের মধ্যেও এই ফুলগুলো একটু থামতে শেখায়, প্রকৃতির কাছে ফিরে যেতে বলে।'”

খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী মুমতাহিনা রিনি বলেন, “হলের সামনের কাঠগোলাপ গাছটা প্রতিদিন সকালে জানালা দিয়ে দেখি। ফুল ঝরে মাটিতে পড়ে থাকে, সেটাও কেমন এক অদ্ভুত সুন্দর। মনে হয় এই ক্যাম্পাসটা শুধু পড়ার জায়গা না, অনুভব করার জায়গাও।”

শহীদ আনাস হলের আবাসিক শিক্ষার্থী আরমান জয় বলেন, “হলের সামনে কাঞ্চন ফুলের সাদা থোকাগুলো দেখলে মন আপনাআপনি শান্ত হয়ে যায়। রাতে হলে ফেরার সময় জারুলের গন্ধ নাকে আসে। দিনের সব ক্লান্তি যেন এক নিঃশ্বাসেই চলে যায়। এই ক্যাম্পাস আমাদের শুধু ডিগ্রি দেয় না, একটা জীবনবোধও দেয়।”

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন