শনিবার, ০৪ জুলাই ২০২৬
মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার

মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার

তিমির বনিক

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।

গত (২৮ এপ্রিল)রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ (৪২), পিতা—মৃত ছইদ উল্লাহ, সাং—হিলালপুর, থানা ও জেলা—মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি রয়েছে। দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের-এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান, এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম উক্ত অভিযান পরিচালনা করে।

মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ দল গত ২৭ এপ্রিল হতে অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর ২৮ এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন