বুধবার, ২৭ মে ২০২৬
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা, নতুন দর ১৯৯

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা, নতুন দর ১৯৯

ডেস্ক রিপোর্ট

দেশের বাজারে ভোজ্যতেলের দাম লিটারে আরও ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে স্থানীয় আমদানিকারক ও রিফাইনারদের দাবির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে নতুন এই দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সয়াবিন তেলের মূল্য নিম্নোক্তভাবে পুনঃনির্ধারণ করা হয়েছে:

বোতলজাত সয়াবিন তেল: প্রতি লিটার ১৯৯ টাকা (পূর্বমূল্য ১৯৫ টাকা)।

খোলা সয়াবিন তেল: প্রতি লিটার ১৭৯ টাকা (পূর্বমূল্য ১৭৫ টাকা)।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সয়াবিন তেলের চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে দামের সামান্যতম পরিবর্তনও স্থানীয় বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। মন্ত্রী বলেন, "রমজান মাসের মাঝামাঝি সময় থেকেই বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। আমদানিকারকরা দীর্ঘ দিন ধরে মূল্য সমন্বয়ের আবেদন জানাচ্ছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই ৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচ বাড়ায় রিফাইনারি প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিল। সরকার বাজার মনিটরিং টিমের মাধ্যমে নিশ্চিত করেছে যে, উৎস পর্যায়ে দাম বাড়ার কারণেই এই সমন্বয় জরুরি ছিল।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম অবিলম্বে কার্যকর হবে। এছাড়া বাজারে কৃত্রিম সংকট রোধে এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন