ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি-১ এলাকা থেকে এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর সম্পদের হিসাব এখন আলোচনায়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ী, বছরে ৩ লাখ টাকা আয়ের বিপরীতে এই প্রার্থীর নগদ ও ব্যাংক মিলিয়ে জমা অর্থের পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
হলফনামায় দেওয়া তথ্যের প্রধান দিকগুলো হলো:
পেশায় চিকিৎসক ডা. মিতুর বার্ষিক আয় ৩ লাখ টাকা (মাসিক ২৫ হাজার)। অথচ তার নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যাংকে জমা ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ টাকা। অর্থাৎ তার মোট অর্থের পরিমাণ ২৯ লাখ ৭৫ হাজার ৭৩৫ টাকা।
ব্যক্তিগত কোনো বাড়ি বা গাড়ি না থাকলেও তার ৩০ ভরি স্বর্ণ রয়েছে। এই স্বর্ণ তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
২০২৫-২৬ করবর্ষে ৩ লাখ টাকা আয়ের বিপরীতে তিনি কোনো আয়কর প্রদান করেননি (শূন্য রিটার্ন)। তবে তার মোট সম্পদ দেখিয়েছেন ২৮ লাখ ৪০ হাজার টাকা।
প্রার্থীর স্বামী ডা. মাহবুবুর রহমানের আয় ৮ লাখ ৬৪ হাজার ৮১৪ টাকা দেখানো হলেও তার কাছে নগদ অর্থের পরিমাণ ৫৬ লাখ ৯৮ হাজার ২৪ টাকা। এছাড়া স্বামীর ব্যাংক হিসাবে রয়েছে ১ লাখ ৭৬ হাজার ১৮৯ টাকা। স্বামী বছরে ৩৩ হাজার ৭২২ টাকা আয়কর দিয়েছেন।
চিকিৎসা পেশায় নিয়োজিত এই প্রার্থীর বার্ষিক আয়ের তুলনায় জমাকৃত নগদ অর্থের এমন পরিসংখ্যান ভোটারদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।