নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং হাতিয়া থানা পুলিশ অংশ নেয়।
অভিযান চলাকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে মজুদ রাখা মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুদ ও বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মো. মহিউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ মজুদ ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।