রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
মণিরামপুরে মাঠে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম

মণিরামপুরে মাঠে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম

সাব্বির হাসান

যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার মাঠে ধান বহনের সময় মান্নান শেখ (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

‎নিহত মান্নান শেখ উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে প্রতিদিনের মতো শনিবার সকালেও জীবিকার তাগিদে মাঠে ধান বহনের কাজে নেমেছিলেন মান্নান শেখ। কাজ করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

‎সহকর্মীদের ধারণা, তীব্র গরমে দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রমের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানতে চিকিৎসকদের মতামত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎‎ঘটনার পর নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, মান্নান শেখ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও নিরহংকার মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

‎এদিকে, তীব্র তাপদাহে মাঠে কাজ করা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

‎

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন