ঠাকুরগাঁও সদর উপজেলায় বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩৮) নামে এক অটোমেকারের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল হোসেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাওলারহাট মোড় এলাকার বাসিন্দা। তিনি শরিফুল ইসলাম লম্বুর ছেলে। পেশায় তিনি একজন অটোমেকার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুল। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বর্তমানে মরদেহটি ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা মরদেহ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করছেন।