শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোঃ সানজিদ আহমেদ সজীব। বর্তমানে তিনি নাগরিক অধিকার ও নাগরিক ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংগঠন জাগ্রত নাগরিক ফাউন্ডেশন-এর অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও ইতিহাসের মহানায়ক A. K. Fazlul Huq-এর আদর্শ ও স্মৃতিকে ধারণ করে মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শেরে বাংলা এ. কে. ফজলুল হকের স্মৃতি লালনে গঠিত Sher-e-Bangla A.K. Fazlul Haque Smrity Parishad এবং শেরে বাংলা সাংস্কৃতিক জোট/গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বেরীকান্দি গ্রামের সন্তান সজীব প্রাকৃতিক প্রতিকূলতার মধ্য দিয়েই বেড়ে ওঠেন এবং অল্প বয়স থেকেই স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হন। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ‘VSO Best Volunteer Award 2024’ এবং সমাজসেবা বিভাগে ‘বর্ষসেরা পুরস্কার ২০২৫’।
স্বেচ্ছাসেবার পাশাপাশি তিনি যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও পাবলিক স্পিকিং নিয়ে কাজ করছেন। এ লক্ষ্যে নিয়মিত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকেন।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে সজীব বলেন, “যেকোনো স্বীকৃতি দায়বদ্ধতা বাড়ায় এবং কাজের প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করে। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রীর নামে এই সম্মাননা পাওয়া আমার জন্য গর্বের। মহান আল্লাহর কাছে শুকরিয়া।”
উল্লেখ্য, ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’-এর লক্ষ্য হলো কর্মনিষ্ঠা, সততা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নকারীদের জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান। শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা, শিল্প-সংস্কৃতি, নারী উদ্যোক্তা, সাংবাদিকতা, সাহিত্য ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের এ সম্মাননা প্রদান করা হয়।