রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ইউএনওর ওপর হামলা, নিরাপত্তারক্ষী হাসপাতালে

ইউএনওর ওপর হামলা, নিরাপত্তারক্ষী হাসপাতালে

বিশেষ প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে অনিয়ম ঠেকাতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। শতাধিক লোকের অতর্কিত হামলায় ইউএনওর গানম্যান আহত হয়েছেন এবং তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ মোটরসাইকেল চালক প্রয়োজনীয় ফুয়েল কার্ড ও গাড়ির বৈধ কাগজপত্র ছাড়াই তেল নিতে আসায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর সাড়ে ১২টায় পাম্পে উপস্থিত হন ইউএনও। তিনি কাগজপত্রবিহীন চালকদের সরে যাওয়ার নির্দেশ দেন এবং দুজনকে জরিমানা করেন।

জরিমানার পরপরই পাশ থেকে একটি বিশাল মিছিল এসে ইউএনও-র ওপর চড়াও হয়। হামলাকারীরা তার নিরাপত্তারক্ষীকে মারধর করে সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। জীবন বাঁচাতে ইউএনও দ্রুত দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত নিরাপত্তাকর্মী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ইউএনও সবুজ কুমার বসাক জানান, সরকারি দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন