সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হাতিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

হাতিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

মহব্বত আল ইমরান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্মাণাধীন উপজেলা পরিষদ ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাইফুল ইসলাম হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেজুগালিয়া গ্রামের বাসিন্দা। তিনি রিকশাচালক আকবর হোসেনের একমাত্র ছেলে। পরিবারের আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই তাকে শ্রমজীবী কাজে নামতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে সাব-কন্ট্রাক্টরের নির্দেশে ছাইফুল গ্রাইন্ডিং মেশিনের বৈদ্যুতিক তার গুছানোর কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছাদের ওপর পড়ে যায়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা মোবাশ্বর আহমদ বলেন, সংসারের দায়িত্ব কাঁধে নিতেই ছোট বয়সে কাজে নামতে হয়েছিল ছাইফুলকে। সে ছিল পরিবারের একমাত্র ভরসা।

নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট সংশ্লিষ্টরা জানান, শ্রমিকের বয়স ও বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তাদের জানা নেই। তবে সাব-কন্ট্রাক্টর শ্রমিকের বয়স ১৫-১৬ বছর বলে স্বীকার করেছেন, যদিও বৈদ্যুতিক লাইনে ত্রুটির অভিযোগ অস্বীকার করেছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মরদেহ আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী এমদাদুল ইসলাম বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকের বয়স, নিরাপত্তা ব্যবস্থা ও বৈদ্যুতিক লাইনের ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিশেষ করে বৈদ্যুতিক লাইনের নিরাপত্তাহীনতাই এ ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন