আগামী ২৭শে এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে মণিরামপুরে বিশাল শুভেচ্ছা মিছিল ও প্রস্তুতিমূলক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯শে এপ্রিল) বিকেলে মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে মণিরামপুর উপজেলা গেটের সামনে থেকে একটি সুশৃঙ্খল ও বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে মিছিলটি উপজেলা পরিষদের মিলনায়তনে (হলরুম) এসে এক যৌথ সভায় মিলিত হয়। উক্ত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজুদুর রহমান সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা।
বক্তারা বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে মণিরামপুর স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে সমাবেশকে সফল করবে। এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও উন্নয়নমূলক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে।"আগামী ২৭শে এপ্রিল যশোরের শার্শায় ঐতিহাসিক 'জিয়া খাল খনন' কর্মসূচি পরিদর্শন ও তদারকির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের কথা রয়েছে। এই সফরকে সফল করতে মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।