সোমবার, ২০ এপ্রিল ২০২৬
অর্ধেক সক্ষমতায় চলছে বিদ্যুৎ খাত: সংসদে হাজার কোটি টাকা লুটপাটের খতিয়ান

অর্ধেক সক্ষমতায় চলছে বিদ্যুৎ খাত: সংসদে হাজার কোটি টাকা লুটপাটের খতিয়ান

ডেস্ক রিপোর্ট

দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াটে পৌঁছালেও বাস্তবে এর অর্ধেক উৎপাদিত হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বর্তমানে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট হওয়া সত্ত্বেও দৈনিক গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই সক্ষমতার একটি বড় অংশজুড়ে রয়েছে আমদানিকৃত বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি।

বিদ্যমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেন, "দেশ এখন লোডশেডিংমুক্ত, তবে কিছু অনিবার্য কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।" তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি সংকট, সেচ মৌসুমের বাড়তি চাপ এবং গ্রীষ্মকালীন চাহিদার কারণে মাঝেমধ্যে সরবরাহে ঘাটতি দেখা দেয়। পাশাপাশি সঞ্চালন লাইনের সীমাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগকেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পথে অন্তরায় হিসেবে চিহ্নিত করেন তিনি।

অধিবেশনে বিগত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০১০ সালের 'বিশেষ বিধান' আইনটি ছিল মূলত লুটপাটের হাতিয়ার। কোনো ধরনের উন্মুক্ত দরপত্র ছাড়াই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল।

বর্তমান সরকার এই অচলাবস্থা কাটাতে এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে চালিয়ে যাচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন