রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
কাঁচামাল সংকটে আনোয়ারার ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধ

কাঁচামাল সংকটে আনোয়ারার ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধ

ডেস্ক রিপোর্ট

কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাইঅ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কারখানার মজুত থাকা অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় দুটি ইউনিটেরই উৎপাদন কার্যক্রম স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএপি সার তৈরির প্রধান উপাদান অ্যামোনিয়ার জন্য কারখানাটি মূলত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর ওপর নির্ভরশীল। তবে গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে ওই দুটি প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ থাকায় ডিএপিএফসিএল-এ অ্যামোনিয়া সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতদিন মজুত রাখা কাঁচামাল দিয়ে উৎপাদন সচল রাখা হলেও শনিবার সন্ধ্যায় তা পুরোপুরি ফুরিয়ে যায়।

২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা এই কারখানায় দৈনিক ১৬০০ মেট্রিক টন (প্রতি ইউনিটে ৮০০ টন) ডিএপি সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। দেশের কৃষি খাতে সুষম সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় ডিএপি সারের সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সিইউএফএল ও কাফকো থেকে পুনরায় অ্যামোনিয়া সরবরাহ শুরু হলেই কেবল উৎপাদন চালু করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন