বোয়ালখালীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে ৬০ বছরের বৃদ্ধা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে শামসুন নাহার (৬০) নামের এক বৃদ্ধা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হারিয়েছেন।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গোমদন্ডী বুড়িপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন পশ্চিম গোমদন্ডী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুমদার তালুকদার বাড়ির বাসিন্দা শামসুন নাহার ও তার পুত্রবধূ খুরশিদা বেগম (২৭)।
খুরশিদা বেগম জানান, তারা বুড়িপুকুরপাড় এলাকার একটি মাদ্রাসায় ছেলেকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে প্রায় ৩০ বছর বয়সী এক যুবক তাদের পথরোধ করে। সে ‘চাউলের কার্ড’ করে দিলে সরকারি চাল দেওয়ার কথা বলে তাদের প্রলুব্ধ করে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে।
তিনি আরও জানান, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না বলে ওই যুবক তাদের কাছে স্বর্ণ আছে কিনা জানতে চায়। তখন তিনি কানের দুল খুলে দেন। পরে আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে তাকে সামনে একটি দোকানে যেতে বলে এবং তার শাশুড়ি শামসুন নাহারকে সেখানে রেখে যেতে বলে।
এ সুযোগে তিনজন প্রতারক শামসুন নাহারকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
শামসুন নাহার জানান, তাকে সিএনজিতে করে অলিবেকারী এলাকায় নিয়ে গিয়ে প্রতারকরা তার এক জোড়া কানের দুল ও ধারালো কিছু দিয়ে গলার স্বর্ণের রকেট কেটে নেয়। পরে একটি স্থানে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।
প্রতারকরা শাশুড়ি ও পুত্রবধূর কাছ থেকে প্রায় ১২ আনা স্বর্ণ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ফাইল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী খুরশিদা বেগম।