রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বাউফলে ছাত্রদল নেতার অকাল মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া

বাউফলে ছাত্রদল নেতার অকাল মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া

মো. রাকিব সিকদার

পটুয়াখালী বাউফল  উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (২৮) অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় কালিশুরি এসএ ইনস্টিটিউশন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সৈকত মোল্লা উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মো. ফয়সাল মোল্লার ছোট ভাই। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা চলতি বছরের জানুয়ারি মাসে নবগঠিত বাউফল উপজেলা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্বল্প সময়ের মধ্যেই সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে তিনি নেতা-কর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা ছাত্রদলের নেতারা জানান, সৈকতের মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব মুঠোফোনে তার পরিবারের সঙ্গে কথা বলে শোক ও সমবেদনা জানান।

এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন