বুধবার, ২৭ মে ২০২৬
লেবাননে যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ইরান

লেবাননে যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ইরান

ডেস্ক রিপোর্ট

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

শুক্রবার (১৭ এপ্রিল) এ ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মাধ্যমে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’

তবে তিনি জানান, জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত ‘সমন্বিত রুট’ ব্যবহার করতে হবে।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। তবে তিনি বলেন, ‘তেহরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।’

এদিকে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হতো। পারস্য উপসাগরকে বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে সংযুক্ত করা এই সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়ায় ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকট তৈরি হয়েছিল।

গত ৭ এপ্রিল ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন, শর্ত ছিল ইরান পুরোপুরি প্রণালি খুলে দেবে। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন, ইসরায়েলকে লেবাননে অভিযান চালাতে দেওয়ার মাধ্যমে তারা চুক্তি লঙ্ঘন করেছে।

চুক্তির শর্ত নিয়ে বিরোধের কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সময়েও প্রণালিটি প্রায় পুরোপুরি বন্ধ ছিল। প্রতিদিন মাত্র কয়েকটি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন