যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলার বেগারিতলা বাজারে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ গোলাম রসুল (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত গোলাম রসুল উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বেগারিতলা বাজার এলাকায় একটি দ্রুতগতির বাঁশবোঝাই নসিমন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। চালক গোলাম রসুল মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা বাজার এলাকাটি দীর্ঘদিন ধরে ‘ডেথ জোন’ বা দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হলেও এখানে গতি নিয়ন্ত্রণ বা সড়ক নিরাপত্তার কোনো কার্যকর ব্যবস্থা নেই। বিশেষ করে রাতে বাঁশবোঝাই নসিমন ও অবৈধ যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন প্রাণহানির ঘটনা ঘটছে।
এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই স্থানে গতিরোধক নির্মাণ ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।