সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তেলপাম্পে কঠোর নজরদারি মণিরামপুর উপজেলা প্রশাসনের: কাগজপত্রহীনদের তেল বন্ধ, স্বস্তিতে সাধারণ মানুষ

তেলপাম্পে কঠোর নজরদারি মণিরামপুর উপজেলা প্রশাসনের: কাগজপত্রহীনদের তেল বন্ধ, স্বস্তিতে সাধারণ মানুষ

সাব্বির হাসান

দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, যাচাইবিহীন জ্বালানি বিক্রি এবং সড়কে নিরাপত্তা ঝুঁকির অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। যশোরের মণিরামপুরে পরিচালিত এক যৌথ অভিযানে জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যা জনমনে স্বস্তি ফিরিয়েছে।

‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জিএন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মণিরামপুর থানা পুলিশের একটি দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

‎‎অভিযান চলাকালে জ্বালানি নিতে আসা প্রতিটি মোটরসাইকেল ও যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট ব্যবহার কঠোরভাবে যাচাই করা হয়। যাদের কাছে এসবের কোনোটি ছিল না, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া, বৈধ কাগজপত্র থাকা চালকদের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। প্রতি গ্রাহককে সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি সরবরাহের মাধ্যমে অতিরিক্ত মজুদ ও অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

‎‎সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের বিরুদ্ধে এ অভিযান একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা।এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত হবে।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন,“সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের নজরদারি অব্যাহত থাকবে। বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কাউকে জ্বালানি তেল না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন