টাঙ্গাইলের বাসাইলের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে ফসলি জমি থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩) এর ৭(ক) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় ১টি মামলায় উপজেলার কাশিল ইউনিয়নের হাজী আব্দুল গফুর জমাদারের ছেলে রাজু জমাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, কৃষিজমি রক্ষায় ও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।