সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মাদারীপুরে পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মাদারীপুরে পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় এবং এক যুবক নিখোঁজের ঘটনায় মাদারীপুরে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন—পাচারকারী সোবাহান মোল্লার বাবা সালাম মোল্লা ও স্ত্রী তানিয়া বেগম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৮।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের মার্চ মাসে সদর উপজেলার লিমন মাতুব্বরকে ইতালি নেওয়ার কথা বলে ১৮ লাখ টাকা নেন সোবাহান মোল্লা। কিন্তু ইতালি না পাঠিয়ে লিমনকে লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে লিমনের পরিবারের কাছ থেকে আরও ১২ লাখ টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। মুক্তিপণের টাকা দেওয়ার পর থেকেই লিমনের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এই ঘটনায় গত ৭ এপ্রিল ভুক্তভোগীর পরিবার ৮ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করলে অভিযানে নামে র‍্যাব। সোমবার রাতে এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার মূল হোতাসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন