ইরানের সঙ্গে শান্তি আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প জানান, প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর “অবরোধ প্রক্রিয়া শুরু” করবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, ইরানের কর্মকাণ্ডের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে ট্রাম্প বলেন, জলপথটি পুনরায় চালু রাখতে তেহরান ব্যর্থ হয়েছে, যার ফলে বিশ্বজুড়ে “উদ্বেগ, অস্থিরতা ও ভোগান্তি” তৈরি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ইরান প্রণালীতে মাইন পেতে থাকতে পারে, যা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ঝুঁকি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী এসব মাইন “ধ্বংস” করার কাজ শুরু করবে এবং যদি ইরান কোনো মার্কিন সম্পদ বা বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, তাহলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে। তার ভাষায়, “যে কোনো ইরানি আমাদের বা শান্তিপূর্ণ জাহাজে গুলি চালালে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে।”
তিনি আরও জানান, মার্কিন বাহিনী “সম্পূর্ণ প্রস্তুত” রয়েছে।
ইরানের কর্মকাণ্ডকে “বিশ্বের ওপর চাঁদাবাজি” আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে “অবৈধ টোল” প্রদানকারী জাহাজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি ইঙ্গিত দেন, এই অবরোধ কার্যক্রমে অন্যান্য দেশও যুক্ত হতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২০ ঘণ্টার আলোচনা ভেস্তে যাওয়ার পর এই ঘোষণা আসে। ট্রাম্পের দাবি, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসায় আলোচনা ব্যর্থ হয়েছে।