রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

আন্তর্জাতিক ডেক্স

ভারতের কিংবদন্তী বর্ষীয়ান সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। তারমৃত্যুতে সংগীত দুনিয়ায় এক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সামদানি।

এর আগে শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিস ইউনিটে চিকিৎসা নেন।

জানা যায়, শনিবার বিকালে আশা ভোঁসলের বাড়ির পরিচারিকা লক্ষ্য করেন বর্ষীয়ান শিল্পী শারীরিক অস্বস্তি বোধ করছেন এবং অজ্ঞান হওয়ার মতো অবস্থায় চলে গেছেন। দ্রুত তিনি পরিবারের অন্যান্য সদস্যদের ডাকেন। তড়িঘড়ি আশা ভোঁসলেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানানো হয়, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে শিল্পীর। এরপর থেকেই তিনি আইসিইউতে ছিলেন। অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষজ্ঞ দল তার চিকিৎসা করছিলেন।

শনিবার এক্স হ্যান্ডেলে তার নাতনি জানাই ভোঁসলে লেখেন, আমার দাদী আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি খুব শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে।
শিল্পীর পরিবার ও অনুরাগীরা আশা করেছিলেন, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবেন। কিন্তু শেষরক্ষা হলো না।

১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম আশা ভোঁসলের। তিনি প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন। আশা ভোঁসলে ভারতীয় সংগীত জগতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। ১৯৪৮ সালে 'চুনারিয়া' সিনেমার 'সাওয়ান আয়া' গান দিয়ে বলিউডে অভিষেক হয় তার।

সাত দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভাষা ও ঘরানায় হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে এসেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন