ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৭৮.৪৯ শতাংশ (৮৭৭৯ জন) এবং অনুপস্থিত ছিলেন ২১.৫১ শতাংশ শিক্ষার্থী (২৪০৬ জন)। ইবিতে মোট আসন পড়েছিল ১১১৮৫ জন শিক্ষার্থীর।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দুই পাশে স্থাপিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করে। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার শেষ ইউনিটের পরীক্ষা এটি। ‘এ’ ইউনিটে সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন কোনো কেন্দ্র নেই, যেখানে আমাদের সিট ফেলতে হয়নি। ছাত্র সংগঠন এবং নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিদের সাহায্যে হাজার হাজার পরীক্ষারা সেবা পাচ্ছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।”