সোমবার, ২০ এপ্রিল ২০২৬
রাত পোহালেই ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

রাত পোহালেই ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

মো. মিনহাজুর রহমান মাহিম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী পরিষদ (২০২৬) গঠনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১১ এপ্রিল (শনিবার)। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফশিল অনুযায়ী ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফশিল অনুযায়ী ৭ এপ্রিল তফশিল ঘোষণা ও খসড়া ভোটার তালিকা প্রণয়ন, ৮ এপ্রিল ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং ৯ এপ্রিল প্রার্থিতা ঘোষণা সম্পন্ন হয়েছে।

নির্বাচন শেষে একই দিন ভোট গণনা করা হবে এবং দুপুর ১টা থেকে ২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া কমিশনার হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. খাইরুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।

নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম জানান, গত ৫ এপ্রিল সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম জানান, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন তফশিল ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত সময়েই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন