২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময় অতিক্রম করে কেন্দ্রে পৌঁছানোয় এক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপ কেন্দ্রে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্র এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষার্থী তৌহিদুল ইসলাম নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হন। ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে না দেওয়ার বিধান থাকায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী, তার কেন্দ্র ছিল নোয়াখালী সরকারি কলেজের অনার্স ভবন-২। তবে দেরিতে পৌঁছানোর কারণে কর্তৃপক্ষ তাকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেয়নি।
পরীক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন,“আমি অনেক দূর থেকে এসেছি। পথে যানজট ও পরিবহন সমস্যার কারণে সময়মতো পৌঁছাতে পারিনি। দেরির জন্য আমাকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়াটা খুব কষ্টের। এতদিনের প্রস্তুতি ও স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল। যদি আরেকটু সময় দিত, তাহলে হয়তো আমি পরীক্ষাটা দিতে পারতাম।”
এ ঘটনায় উপস্থিত অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও কিছুটা হতাশা দেখা গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার শৃঙ্খলা ও নীতিমালা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।