গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে অংশ নিয়েছেন ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করেন পরীক্ষার্থীরা। এতে কেন্দ্রের প্রবেশমুখে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ও চাপ লক্ষ্য করা যায়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকেই তল্লাশির মাধ্যমে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোনো বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার দেশব্যাপী ‘এ’ ইউনিটে অংশ নিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯টি ভবনে আসন বিন্যাস করা হয়।
পরীক্ষাটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৩০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়।
ইবি কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, “আমাদের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “‘বি’ ও ‘সি’ ইউনিটের মতো করেই ‘এ’ ইউনিটের পরীক্ষাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, “পরীক্ষা নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, আনসার, রোভার ও বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মেডিকেল টিমসহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করেছে।”
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
গুচ্ছ পদ্ধতির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।