সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ইবিতে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু, সকাল ৯টা থেকেই প্রবেশ

ইবিতে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু, সকাল ৯টা থেকেই প্রবেশ

মো. মিনহাজুর রহমান মাহিম

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীদের প্রধান ফটক দিয়ে প্রবেশ করানো হয়। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করেন শিক্ষার্থীরা। এতে প্রবেশমুখে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে দেশব্যাপী অংশ নিচ্ছেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু। এ কেন্দ্রের জন্য ৯টি ভবনে আসন বিন্যাস করা হয়।

পরীক্ষাটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৩০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

ইবি কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, “‘বি’ ও ‘সি’ ইউনিটের মতো করে ‘এ’ ইউনিটের পরীক্ষাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।”

অন্যদিকে, ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‍্যাব, আনসার, রোভার ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি মেডিকেল টিম, হেল্পডেস্ক এবং অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়।

গুচ্ছ পদ্ধতির এ ভর্তি পরীক্ষা ঘিরে ক্যাম্পাসজুড়ে রয়েছে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন