সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হাতিয়ায় জাল নিষেধে জেলেদের দুর্দশা, সংসদে সরব আব্দুল হান্নান মাসউদ

হাতিয়ায় জাল নিষেধে জেলেদের দুর্দশা, সংসদে সরব আব্দুল হান্নান মাসউদ

বিশেষ প্রতিনিধি

দেশের নদ-নদী, খাল-বিল ও উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র মৎস্যজীবীদের ওপর আরোপিত ‘নিপীড়নমূলক’ মৎস্য আইনের প্রতিবাদে জাতীয় সংসদে সরব হয়েছেন নোয়াখালী ৬  আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

সম্প্রতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে  একক প্রতিবাদে তিনি বলেন, বিদ্যমান মৎস্য আইনটি পর্যাপ্ত সুনির্দিষ্ট না হওয়ায় প্রান্তিক জেলেরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। আইন প্রয়োগের ক্ষেত্রে বাস্তবতার অভাব থাকায় তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে।

তিনি উল্লেখ করেন, ছাঁইয়া, টেংরা ও চিংড়ির মতো ছোট মাছ ধরতে খাল-বিল ও উপনদীতে কারেন্ট জাল, বিন্দি জাল বা চায়না জালের ব্যবহার অনেক ক্ষেত্রেই অপরিহার্য। এসব জাল সম্পূর্ণ নিষিদ্ধ করার ফলে কার্যত এসব মাছ ধরাও বন্ধ হয়ে যাচ্ছে, যা সরাসরি ক্ষুদ্র জেলেদের জীবিকার ওপর আঘাত হানছে।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আইনটি যদি আরও সুনির্দিষ্ট করা হতো এবং জেলেদের বাস্তবতা বিবেচনায় নেওয়া হতো, তাহলে ক্ষুদ্র মৎস্যজীবীরা এই নিপীড়ন থেকে মুক্তি পেতেন।”

তিনি বর্তমান মৎস্য আইন সংশোধন করে প্রান্তিক জেলেদের জন্য সহনশীল ও বৈষম্যহীন নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নোয়াখালীর হাতিয়ার জনজীবনের বাস্তবতা তুলে ধরে এই গুরুত্বপূর্ণ ইস্যুটি জাতীয় সংসদে উত্থাপন করায় স্থানীয় জেলেদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন